মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ার ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে গাজী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লা (২৫)-কে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত সাব্বির মোল্লা (২২) বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজে স্থানীয় মসজিদে গেলে মোল্লা গোষ্ঠীর সাব্বিরকে প্রতিপক্ষ গাজী গোষ্ঠীর লোকজন মারধর করে। এর প্রতিবাদ জানাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় গুলি চালানো হয় এবং একাধিক ককটেল বিস্ফোরিত হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলেন, “গুলিবিদ্ধ তিনজনকে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”
মোল্লা গোষ্ঠীর চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল মোল্লা অভিযোগ করেন, গাজী গোষ্ঠী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় তাদের ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে গাজী গোষ্ঠীর ইউপি প্যানেল চেয়ারম্যান দেলোয়ার গাজী জানান, তিনি ঢাকায় ছিলেন এবং ঘটনাটি শিশুদের মধ্যে তর্ক-বিতর্ক থেকে শুরু হয়ে পরে বড় আকার ধারণ করেছে।
সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, “ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ উপস্থিত হলে উভয় পক্ষ পালিয়ে যায়। ১৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”