মো: হোসেন, মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে সড়কের ওপর অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসানো বালু উত্তোলনের পাইপের কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গ্রামীণ টাওয়ার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন একই গ্রামের বাসিন্দা মো. সাগর ও মো. শফিক। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়কের ওপর স্থাপিত পাইপটি অন্ধকারে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান। ঘটনাস্থলে কোনো ধরনের সতর্ক সংকেত, ব্যারিকেড বা আলোর ব্যবস্থা না থাকায় হঠাৎ পাইপের সঙ্গে ধাক্কা লেগে তারা সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তারা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের ওপর এভাবে বালু উত্তোলনের পাইপ বসিয়ে কাজ চালানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। ফলে এটি এখন জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিতে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুবকর বলেন, “অনেক দিন ধরেই এখানে বালু উত্তোলনের কাজ চলছে। কিন্তু কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। আগে ব্যবস্থা নিলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।”
আরেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ দুইজন যুবক জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে, কাল আরও কেউ এর শিকার হতে পারে। দ্রুত এই পাইপ অপসারণ করতে হবে।”
এলাকাবাসীর দাবি, সড়কে ঝুঁকিপূর্ণভাবে বসানো এসব পাইপ দ্রুত অপসারণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।