মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় এমরান আহমেদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত এমরান দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ের গেটে গলায় গামছা পেঁচানো অবস্থায় এমরানকে ঝুলতে দেখে তারা স্বজন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে এমরান নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও প্রিয়জন ও পরিবারের অবহেলার কথা উল্লেখ করেন। এতে স্থানীয়দের ধারণা, পারিবারিক মানসিক চাপ থেকেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নিহতের বাবা খলিল উদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এমরান একটি গামছা ও টর্চলাইট হাতে নিয়ে বাড়ি থেকে বের হন। মোবাইল ফোনও বাড়িতে রেখে যান তিনি। সকালে খবর পেয়ে তিনি গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, “প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সন্দেহজনক মনে হয়েছিল। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”