মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি
রেলপথে অল্প টাকায় যাতায়াতের সুবিধাজনক মাধ্যম পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন যাবত বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এই অঞ্চলের কয়েক হাজার নিম্ন আয়ের মানুষেরা। গত ২০২৩ সালের ২২ ডিসেম্বর থেকে এই জনপ্রিয় উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।
ট্রেনটি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষসহ ভোগান্তিতে থাকা জনসাধারণ।
ট্রেনটি প্রতিনিয়ত পার্বতীপুর থেকে ভোর চারটা নাগাদ ছেড়ে এসে সান্তাহার জংশন দিয়ে আত্রাই, বীরকুটশা, মাধনগর, নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর, ইয়াছিনপুর, মালঞ্চি ও আব্দুলপুর রেলওয়ে স্টেশন হয়ে রাজশাহীতে পৌঁছাতো। ফের দুপুর ১২ টা নাগাদ রাজশাহী থেকে ছেড়ে পার্বতীপুর অভিমুখে রওনা হতো।
বাঘমারার বীরকুটশা ও নলডাঙ্গা-মাধনগর এলাকার দেওয়ান ফারুক, ইয়াছিন-উর রহমান, মিজানুর রহমানসহ অনেকে বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকার কারনে ট্টেনে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে।
একদিকে যেমন অন্য ট্রেনে অতিরিক্ত চাপ বেড়েছে অন্যদিকে বিকল্প মাধ্যমে চলাচল করতে গিয়ে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের। তারা আরও জানান, বীরকুটশা মাধনগর থেকে ট্রেনে যেতে ভাড়া লাগে মাত্র ৩০ টাকা সেখানে আত্রাই-নাটোর পাকা সড়কে যাতায়াত করতে অন্যান্য যানবাহনে বীরকুটশা থেকে নাটোরে যেতে ভাড়া দিতে হয় প্রায় ১২০/৩০ টাকা।
এতে অধিক খরচ বহন করতে হয়। তাছাড়া ট্রেনে যাতায়াত করতে সময়ও কম লাগে। তাই নিম্ন আয়ের সাধারণ যাত্রীদের স্বল্প খরচে নিরাপদ যাতায়াত ব্যবস্থার এই রেলওয়ে ট্রেনটি পুনরায় চালু করতে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন নাটোর-নলডাঙ্গা মাধনগরসহ এই অঞ্চলের ভোগান্তির স্বীকার কয়েক হাজার যাত্রী সাধারণ। মাধনগর রেল স্টেশন মাস্টার মোঃ মমিন উদ্দিন বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আবার চালু করার জন্য উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।