ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা সড়ক সংস্কার প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার, স্যুয়ারেজ লাইন বাদ দিয়ে ঢালাই এবং পলিথিনের ওপর সরাসরি কাজ করাসহ নানা অনিয়মের মাধ্যমে প্রকল্প থেকে প্রায় অর্ধকোটি টাকা লোপাটের চেষ্টা চলছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় এক কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ৫৩৪ মিটার দীর্ঘ এই সড়ক সংস্কার প্রকল্প অনুমোদিত হয় দুই বছর আগে। কাজটির দায়িত্ব পায় ঢাকার কিংডম নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রথমদিকে আওয়ামী লীগ নেতা আবু তাহের কাজটির তত্ত্বাবধান করলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি নেতা ও ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদের নেতৃত্বে একটি সিন্ডিকেট কাজের দায়িত্ব নেয়।
এলাকাবাসীর অভিযোগ, নতুন ঢালাই দেওয়ার আগে বালি না দিয়ে পলিথিন বিছানো হয়েছে। তাছাড়া পুরোনো ইট, পাথর, মাটি ও ময়লা-আবর্জনা ব্যবহার করা হচ্ছে। প্রায় ৪৫০ মিটার সড়কে স্যুয়ারেজ লাইন থাকলেও অবশিষ্ট ৮৪ মিটার অংশে লাইন ছাড়াই ঢালাই দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা।
বাসিন্দারা জানান, অভিযোগ প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান অনিয়মের ভিডিও প্রমাণ পাওয়ার কথা স্বীকার করেছেন এবং কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামও নিশ্চিত করেছেন যে বিএনপি নেতারা প্রকৌশল অফিসকে না জানিয়ে কাজ চালাচ্ছিলেন।
অন্যদিকে সাব-কন্ট্রাক্টর মোকাররম হোসেন সাজ্জাদ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, “কোনো অনিয়ম হয়নি, হয়তো কিছু শ্রমিক পুরোনো উপকরণ ব্যবহার করেছে। অভিযোগ আসার পর আমরা কাজ বন্ধ রেখেছি।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।