বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, “আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কখনোই প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি। কেউ যদি ২০২৪ সালের এই স্বাধীনতাকে ছিনতাই করতে চায়, আমরা জীবন দিয়ে তা রক্ষা করব ইনশাআল্লাহ।”
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর আয়োজিত বিজয় র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মামুনুল হক স্মরণ করেন, “২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি আমার নিজের সন্তান খুবাইবও শহীদ হয়। ইসলামপন্থীদের রাজনৈতিকভাবে মাইনাস করার অপচেষ্টা আমরা প্রতিহত করব।”
‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস সারা দেশে একযোগে “বিজয় র্যালি” পালন করে। এর মধ্যে সবচেয়ে বড় আয়োজন হয় ঢাকায়। শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে র্যালিটি পল্টন মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, “একটি টেকসই রাষ্ট্র কাঠামোর জন্য মৌলিক রাজনৈতিক সংস্কার ব্যতীত কোনো নির্বাচন মেনে নেব না।”
মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “৫ আগস্টে আমরা শপথ করছি—আমরা বেঁচে থাকতে খুনি হাসিনার আওয়ামী লীগকে এই মাটিতে পুনর্বাসিত হতে দেব না। গণতন্ত্র ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”
বক্তারা ২০২৪ সালের আন্দোলনে ইসলামপন্থীদের ভূমিকা এবং আত্মত্যাগকে স্মরণ করে ‘চব্বিশের স্বাধীনতা’ রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের ঘোষণা দেন। সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।