নিজস্ব প্রতিনিধি
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিলেই দেশের ছোটখাটো সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে ১৯৭৬ সাল থেকে বারবার ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার জন্য কারো গাফিলতি, প্রশিক্ষণের ঘাটতি না খামখেয়ালিপনা – এ বিষয়ে প্রশ্ন তুলে সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান যেন আর কোনো নিরীহ মানুষের প্রাণ এইভাবে না ঝরে। শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী আন্ডার এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহত হন। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজন করা হয় এই দোয়া মাহফিল।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ এলাকার স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।