মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা প্রতিনিধিঃ
ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন চাঁদউদ্যান (লাউতলা) এলাকায় সংঘটিত আলোচিত আল-আমিন হত্যা মামলার প্রধান দুই আসামিকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ভোলা জেলার চরফ্যাশন থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন, হত্যা-ধর্ষণসহ চাঞ্চল্যকর অপরাধের দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিএসপি, ভোলা ক্যাম্প এবং র্যাব-২, সিপিএসসি, মোহাম্মদপুর, ঢাকার যৌথ অভিযানে এ দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গত ১৬ জুলাই ২০২৫ ইং, সন্ধ্যা ৬:৪০ মিনিটে পূর্ব বিরোধের জেরে মোহাম্মদপুর থানার চাঁদউদ্যান এলাকার রোড-০৬ এর একটি সেলুনের সামনে আল-আমিন (২৮) নামে এক যুবককে পূর্বপরিকল্পিতভাবে হামলা করে হত্যা করা হয়।
অভিযুক্ত মোঃ মোশারফ হোসেন (২৬) ও মোঃ রিপন ওরফে গিটার রিপন (২৪) সহ অজ্ঞাত আরও ৪-৫ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
হামলার একপর্যায়ে ভিকটিমের হাঁটুর পেছনের রগ এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৫৯, তারিখ: ১৭-০৭-২০২৫, ধারা: ৩০২/৩৪)। ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার পরপরই প্রধান দুই আসামি ভোলা জেলায় আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় সোর্সের মাধ্যমে অবস্থান নিশ্চিত করে ১৮ জুলাই ২০২৫ ইং তারিখ চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
বাকি অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স), বিএন।