ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা সৃষ্টি হলে নিজেই শপথ পড়ে মেয়রের চেয়ার দখল করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার (৩ জুন) দুপুর ৩টার দিকে নগর ভবনে অবস্থানকারী আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে এই ঘোষণা দেন তিনি।
ইশরাক বলেন, “গত তিন সপ্তাহ নগর ভবন আমাদের দখলে ছিল। যদি শপথ না পড়ানো হয়, তাহলে আমি নিজেই ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে গিয়ে মেয়রের চেয়ারে বসবো, দুই মিনিটও লাগবে না।” তিনি আরও জানান, ঈদুল আজহাকে সামনে রেখে নগরবাসীর দুর্ভোগ বিবেচনায় আন্দোলন আপাতত স্থগিত করা হচ্ছে। তবে ছুটির পরও যদি শপথের কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে তিনি দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ সত্ত্বেও শপথের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। “আমরা নিয়মতান্ত্রিক দল হিসেবে রাষ্ট্রীয় প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েও শপথ গ্রহণ করতে না পারাটা গণতন্ত্রের জন্য লজ্জাজনক,” বলেন ইশরাক।
১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে সিটি করপোরেশনের কর্মচারী, ইশরাকের সমর্থক এবং বিএনপির নেতাকর্মীরা শপথের দাবিতে আন্দোলন শুরু করেন। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আন্দোলন ফের শুরু হয়। নগর ভবনের ফটকে তালা, কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।
বর্তমানে শুধুমাত্র পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রয়েছে। শপথ গ্রহণ নিয়ে দীর্ঘসূত্রতা অব্যাহত থাকলে আন্দোলন আরও তীব্র হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।