বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। তিনি অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
সোমবার (২ জুন) দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের ‘ডিগ্রি কলেজ অধিভুক্ত: উদ্বোধনী অনুষ্ঠান ও ট্যালেন্ট শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দাউদকান্দি পৌরসভার প্রথম কলেজ হিসেবে এ কলেজ আজ ডিগ্রি (পাস) কোর্সে অধিভুক্ত হয়েছে, যা এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
ড. মোশাররফ বলেন, শিক্ষকরাও সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেন, তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং বিলেত থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হয়েছেন দেশের কল্যাণের জন্য।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একটি শিক্ষিত জাতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের সঠিক পথে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে অনুরোধ করেন এবং বলেন, এই কলেজের মান সমুন্নত হবে শিক্ষার্থীদের হাত ধরেই। ভবিষ্যতে এ কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালুর আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাবির শিক্ষক অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্যরা। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম।
এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা শিক্ষার উন্নয়ন নিয়ে একমত প্রকাশ করেন।