নতুন বাংলাদেশ গঠনের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বর্তমান সংবিধান—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই।
” রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রোববার (১১ মে) নাগরিক কোয়ালিশনের উদ্যোগে আয়োজিত ‘সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্র ও জনগণের মধ্যকার সম্পর্কের পুনর্নির্মাণে একটি নতুন সংবিধান জরুরি।” তিনি মৌলিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করে বলেন, “অগুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য কোনো সুফল বয়ে আনবে না, বরং মৌলিক বিষয়ে ঐক্যই হবে রাজনৈতিক পুনর্গঠনের ভিত্তি।”
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে তিনি বলেন, “বিচারিক প্রক্রিয়া এখন চলমান। প্রয়োজন এখন একটি স্পষ্ট ও কাঠামোবদ্ধ বিচারিক রোডম্যাপ, যা জনগণের আস্থা ফিরিয়ে আনবে।”
সভায় উপস্থিত অন্যান্য নেতারাও সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির সালাউদ্দিন আহমেদ, জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন, গণসংহতির জোনায়েদ সাকি, এনডিএমের ববি হাজ্জাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশগ্রহণ করেন। মানবাধিকার কর্মী আইরিন খান, টিআইবির ড. ইফতেখারুজ্জামান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমাও বক্তব্য রাখেন।
সভায় বক্তারা নতুন সংবিধান প্রণয়নের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান। নাগরিক সমাজের মতে, এটা শুধুই রাজনৈতিক সংস্কারের নয়, গণতন্ত্র পুনর্নির্মাণের লড়াই।