সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে গত (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ (৪৫) এবং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল আহসানুল কবির শামিম (৫০)।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শামিমকে গ্রেপ্তার করা হয়। একই সময় উপজেলার দাউদপুর এলাকা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজকে আটক করা হয়।
জানা যায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়। মামলার কারণে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ তাদের বিরুদ্ধে মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে । যথাসময়ে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”