মো: তানভীর আহমেদ, ঢাকা
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধে আয়োজন করা হতে পারে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত ভাষণে তিনি বলেন, “ভোটার তালিকা নির্ভুল করা এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের ভিত্তিতে এ সময় নির্ধারণ করা যেতে পারে। তবে জাতীয় ঐকমত্য ও সুপারিশ অনুযায়ী আরও সংস্কার করতে হলে ছয় মাস বাড়তি সময় লাগতে পারে।”
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ড. ইউনূস বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার পথ খুলে দিয়েছে। এই ঐক্য এখনো অটুট রয়েছে।”
ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ড. ইউনূস জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া, স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন ড. ইউনূস।
ড. ইউনূস বলেন, “আমাদের ঐক্যই আমাদের শক্তি। এটি ধরে রাখতে পারলে আমরা সব বাধা অতিক্রম করব।” তাঁর এই বক্তব্য দেশজুড়ে নতুন আশার সঞ্চার করেছে।