মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ধানের জমিতে সেচ কার্যক্রমে ব্যবহৃত তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে করে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম, ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কৃষক ও সেচ পাম্প মালিকরা।
রবিবার সকালে উপজেলার বাঘরা ইউনিয়নের হাপ মারা চক এলাকায় সেচ পাম্প পরিদর্শনে গিয়ে চুরির বিষয়টি প্রথমে টের পান সংশ্লিষ্টরা। স্থানীয়দের মতে, ওই এলাকার বিস্তীর্ণ বিলের প্রায় ১১০ একর জমিতে দুটি সেচ পাম্পের মাধ্যমে নিয়মিত পানি সরবরাহ করা হতো। এসব জমিতে প্রতি মৌসুমে গড়ে ৮ থেকে ১০ হাজার মণ ধান উৎপাদিত হয়।
সেচ স্কিম পরিচালনার দায়িত্বে থাকা আমির আলী জানান, প্রতিদিনের মতো সকালে পাম্পে গিয়ে তিনি দেখতে পান বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত তিনটি ট্রান্সফরমারই নেই। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা এগুলো চুরি করে নিয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে পুরো সেচ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
জানা গেছে, শেখ মোজাফফরের মালিকানাধীন দুটি সেচ পাম্প দিয়েই পুরো বিলে পানি সরবরাহ করা হতো। ট্রান্সফরমার না থাকায় বর্তমানে পাম্পগুলো অচল হয়ে পড়েছে এবং জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে শ্রীনগর ভাগ্যকুল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান বলেন, এখনো পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি। অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী প্রথমে থানায় মামলা দায়ের করতে হবে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় কৃষকরা দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে চলতি মৌসুমে ধান উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।