মুন্সিগঞ্জ প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান মানুষকে সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুন্সিগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন মুন্সিগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা এম. এ বারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান,
হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. জামান এপোলো, বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস নাদিম জামান বিদ্যুৎ বেপারী, জাতীয় যুব শক্তি মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক আজিম সরদার বিপ্লবসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এনসিপির নেতাকর্মীরা।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।