মুন্সিগঞ্জ প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশার পক্ষ থেকে বাংলাদেশকে পাঠানো উপহারের খেজুরের একটি অংশ মুন্সিগঞ্জ জেলার জন্য বরাদ্দ দেওয়া হলেও এখনো তা জেলায় পৌঁছায়নি। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর আলোচনা-সমালোচনা দেখা গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশে মোট ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর উপহার হিসেবে পাঠানো হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জ জেলার জন্য ১৮০ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এখনো সেই খেজুর জেলায় পৌঁছায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক লাইভকে কেন্দ্র করে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে। অনেকেই জানতে চান, মুন্সিগঞ্জের জন্য বরাদ্দ খেজুর কোথায় রয়েছে এবং কবে তা বিতরণ করা হবে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমান জানান, এখনো তারা খেজুর বুঝে পাননি। তবে তিনি বলেন, খেজুরবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে এবং চট্টগ্রাম সংলগ্ন কয়েকটি জেলায় বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, মুন্সিগঞ্জের জন্য বরাদ্দ খেজুর আগামী দু-একদিনের মধ্যেই জেলায় পৌঁছাতে পারে।
খেজুরগুলো জেলায় পৌঁছানোর পর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে জেলার ছয়টি উপজেলায় এতিমখানা ও মাদ্রাসাগুলোতে সেগুলো বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।