মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে এলোপাতাড়ি গুলির ঘটনায় নারী-শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মিজান খান ও মান্নান খানের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মিজান খানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় মান্নান খান উত্তেজিত হয়ে হারুন খানের লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে তিন রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে মিজান খানের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন গুলিবিদ্ধ হন। আহতরা হলেন— খোরশেদ খান (৬০), কাজল (৩৫), জয়তুন (৫০), ফাহিমা (৩০), ইভা আক্তার (১৬), নুপুর (২৪), বন্যা (২৭), আয়ান (৫), দোলন (১২), মোস্তাকিন (৭), ইদ্রিস খান (৫৫), আল আমিন খান (৩০) ও মিনু আক্তার (৫৫)।
স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানের নেতৃত্বে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) মিল্টন দত্ত ও র্যাব–১০ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ঘটনায় অভিযান চালিয়ে হারুন খান (৭০), আব্দুল মান্নান খান (৬০) ও মহসিন খান (২৯) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হারুন খানের ঘরের আলমারি থেকে একটি .২২ বোর পিস্তল, ৬১ রাউন্ড গুলি, একটি একনালা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ এবং ৯টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। এছাড়া মান্নান খানের বাড়ি থেকে একটি ওয়াকিটকি (চার্জারসহ) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।