যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে প্রযুক্তিগত সমস্যায় বিপদ সংকেত পাঠানো একটি ইরানি যুদ্ধজাহাজ ও তার ১৮৩ নাবিককে আশ্রয় দিয়েছে ভারত। ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান ২৮ ফেব্রুয়ারি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিপদ সংকেত পাঠায়। একই দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়।
ভারতের নরেন্দ্র মোদি সরকার জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি কচি বন্দরে জাহাজটি নোঙর করার জন্য আবেদন জানানো হয়। পরে ১ মার্চ ডকিংয়ের অনুমতি দেওয়া হয় এবং ৪ মার্চ থেকে জাহাজটি কচিতে অবস্থান করছে। সরকারি এক কর্মকর্তা জানান, জাহাজের নাবিকদের জন্য কচিতে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন সম্প্রতি আরেকটি ইরানি যুদ্ধজাহাজের ঘটনাকে ঘিরে ভারত সমালোচনার মুখে পড়েছে। এর আগে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা মার্কিন সাবমেরিনের টরপেডো হামলার শিকার হয়।
ওই হামলায় ৮০ জনের বেশি নাবিক নিহত হন, ৩২ জনকে উদ্ধার করা সম্ভব হয় এবং শতাধিক নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। তবে ওই হামলার বিষয়ে ভারত এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি।
ভারত সরকার জানিয়েছে, আইআরআইএস লাভানকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ এবং নাবিকদের নিরাপত্তাকে বিবেচনায় নিয়েই নেওয়া হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?