বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক ত্যাগ ও কুরবানির বিনিময়ে অর্জিত ‘চব্বিশ’ কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিতে হলেও এ অর্জন রক্ষা করা হবে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীতে খেলাফত মজলিশের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘চব্বিশ’ না থাকলে আজকের বাস্তবতা তৈরি হতো না। তিনি বলেন, “চব্বিশ না থাকলে আজকের এই ইফতার মাহফিল, যমুনা, ইন্টেরিম গভর্নমেন্ট কিংবা ২০২৬ সালের নির্বাচন—কিছুই থাকতো না। সবকিছুর ভিত্তি হচ্ছে চব্বিশ।”
তিনি আরও বলেন, এই অর্জনের পেছনে অসংখ্য মানুষের আত্মত্যাগ রয়েছে। অনেক সংগ্রামী যোদ্ধা নিজেদের জীবন দিয়ে দেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তাদের আত্মত্যাগের কথা স্মরণ রেখে দেশকে ন্যায় ও ন্যায়বিচারের পথে এগিয়ে নিতে হবে।
জামায়াত আমির বলেন, যে চব্বিশ মানুষের জীবনে পরিবর্তন এনেছে, সেই অর্জনকে ধ্বংস করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। অন্যায় বা অবিচার করলে কেউ আর পার পাবে না বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, দেশের ভালো কাজে সবাইকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে কোনো মন্দ বা অন্যায় কাজ হলে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে প্রতিরোধও গড়ে তোলা হবে।