মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলায় একাধিক ফলের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
রবিবার (১ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন ফলের দোকানে মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয়।
অভিযানে বিসমিল্লাহ ফলের আড়তে মূল্য তালিকা না থাকায় মালিক আফজাল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বিসমিল্লাহ বাণিজ্যালয়ের মালিক মো. শাহীনকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যবসায়ীদের অবশ্যই দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে এবং ক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।