ডোমার উপজেলাজুড়ে এখন বসন্তের ছোঁয়ায় আম্রকাননে নেমেছে সৌন্দর্যের উৎসব। আমগাছে গাছে ফুটেছে অসংখ্য মুকুল, ছড়িয়ে পড়েছে সু-মিষ্টি সৌরভ। রঙিন বনফুল আর সবুজের সমারোহে প্রকৃতি যেন বর্ণিল সাজে সেজেছে। মৌমাছির গুনগুন শব্দে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ানো-সব মিলিয়ে গ্রামবাংলায় সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য।
বসন্তের আগমনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন এলাকায় এখন মুকুলের স্বর্গরাজ্য। ষড়ঋতুর এই বাংলাদেশে ঋতুরাজ বসন্তের আগমনে শীতের জড়তা কাটিয়ে প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। ডোমারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত প্রায় প্রতিটি আমগাছেই ফুটেছে মুকুল। বিশেষ করে ভোগডাবুরী ইউনিয়ন-এর কাঠালতুলী এলাকায় বাগানগুলোতে চোখে পড়েছে মুকুলে ভরা গাছের সারি।
কাঠালতুলী এলাকার আমচাষি আব্দুল্লাহ জানান, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর গাছে গাছে পর্যাপ্ত পরিমাণ মুকুল এসেছে। শুধু তার বাগানেই নয়, আশপাশের বাগানগুলোতেও একই চিত্র। শুরু থেকেই প্রয়োজনীয় পরিচর্যা ও কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার রেকর্ড পরিমাণ ফলনের আশা করছেন তিনি।সব মিলিয়ে আমের সম্ভাবনাময় ফলন ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন ডোমারের আম চাষিরা।