সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট ও আশেপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। অভিযানে উদ্ধার করা হয়েছে ESKuf, Fairdyl সিরাপ এবং গাঁজা। সেই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাব-১৩ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদকদ্রব্যের বড় দুটি চালান আটক করা হয় মোট ৩৪৩ বোতল ESKuf, ৯৯ বোতল Fairdyl এবং ২০.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে র্যাব সদস্যরা।
র্যাব-১৩ এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকা থেকে মাদকের এই বড় চালানগুলো দেশের অভ্যন্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই চক্রটির। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকমুক্ত সমাজ গড়তে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে র্যাবের এই ধরণের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।