মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১৪ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় শামিম স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকান মালিক আব্দুর রবকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. আফজালকে ২ হাজার টাকা এবং আলমগীর ট্রেডার্সের মালিক অনিক শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য প্রতিষ্ঠানেও মূল্য তালিকা না থাকায় মোট ১৪ ব্যবসায়ীকে সম্মিলিতভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ অভিযান চালানো হচ্ছে। ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন ও পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে নিয়মিত মনিটরিং ও তদারকি অব্যাহত থাকবে।
অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সামির হোসাইন সিয়াম এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা করেন।
এদিকে একই দিনে সিরাজদিখান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে মুদি, ফল, মাছ, মুরগি ও সবজি বাজারের বিভিন্ন পয়েন্টে তদারকি করে ১১ ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রমজানকে সামনে রেখে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।