ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ করার কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নিরাপত্তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। তবে হাদি নিজেই বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হাদি লিখেছেন, “মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে আমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
কিন্তু আমি শুধু এটুকু বলি— বাংলাদেশ নামক এই জমিনটুকুন যতদিন থাকবে, ততদিন দখলদারদের আগ্রাসনও চলবে। আর কেয়ামত পর্যন্ত সার্বভৌম এ মাটির সন্তানেরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগে যুগে আজাদির সন্তানরা স্বাধীনতার পতাকা উঁচিয়ে রাখবেই।
নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের কাজকে কখনও ক্ষতিগ্রস্ত হতে দেব না। মাতৃভূমির এই মাটিকে আমরা মদিনার মতো ভালোবাসি। তাই ষড়যন্ত্র বা হত্যার হুমকিতে আমরা দমে যাব না। না মানে— না!”
হাদি তার পোস্টে আল্লাহর কাছে সাহস ও ন্যায়ের প্রার্থনা করে লিখেন, “হে মহাপরাক্রমশালী আল্লাহ, আমাদের বক্ষ সাহস ও ইনসাফের বৃষ্টিতে ভিজিয়ে দাও। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই জন্মেছি। লড়াই চলবেই। ইনকিলাব জিন্দাবাদ।”