রাশিমুল হক রিমন, বরগুনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক পথসভায় দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন,
“১৯৭১ সালের পর বরগুনা-১ আসন বিএনপি পায়নি। আগামী নির্বাচনে আসনটি তারেক রহমানকে উপহার দেব। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না।”
তিনি আরও বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন চাই, যে নির্বাচনে ইনশা আল্লাহ তারেক রহমান ধানের শীষ নিয়ে সংসদে যাবেন।”
সোমবার সকালে বরগুনা জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয় থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বেলা ১১টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নুরুল ইসলাম মনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহশ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহস্বনির্ভর সম্পাদক আসমা আজিজ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল হক মাস্টারসহ স্থানীয় নেতারা।