ট্যাক্স ফ্রি সুবিধা নয়, বরং সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন হাসনাত আবদুল্লাহ। বুধবার সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়টি স্পষ্ট করেন।
তিনি জানান, সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে চান না। বরং অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো দায়িত্ব পালনের জন্য একটি সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ থাকলে তা কার্যকর ও যৌক্তিক হবে।
তিনি উদাহরণ হিসেবে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা পৌর মেয়রদের কথা উল্লেখ করেন, যারা সরকারি কাজের প্রয়োজনে রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন একটি গাড়ি থাকলে তারা দায়িত্ব পালনকালীন সময়েই তা ব্যবহার করবেন এবং মেয়াদ শেষে তা ফেরত দেবেন। এতে অতিরিক্ত কোনো আর্থিক চাপও সৃষ্টি হবে না।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে প্রায় ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, যদিও অনেকের নিজস্ব গাড়ি নেই। তাই এই ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত করতে সরকারি গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন তিনি।
তার বক্তব্য অনুযায়ী, এই সংসদ ইতোমধ্যেই ট্যাক্স ফ্রি সুবিধা না নেওয়ার মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।