দুমকি প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকী উপজেলার জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র -এ বাংলা প্রথম পত্র পরীক্ষায় ২০২৬ সালের নতুন সিলেবাসের পরিবর্তে ২০২৫ সালের পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কেন্দ্রটির ১ ও ২ নম্বর কক্ষে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ভুলবশত পুরোনো সিলেবাসের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শুরুর প্রায় ২০ মিনিট পর শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারে এবং কর্তৃপক্ষকে জানায়। পরে প্রশ্নপত্র প্রত্যাহার করে নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন দেওয়া হয় এবং অতিরিক্ত ২০ মিনিট সময় যোগ করা হয়।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, নতুন প্রশ্নপত্রের সঙ্গে নতুন ওএমআর শিট দেওয়া হলেও তা পূরণ করতে সময় লেগে যাওয়ায় কার্যত তারা খুব অল্প সময় পেয়েছে। এতে নৈর্ব্যক্তিক অংশের উত্তর সঠিকভাবে দিতে পারেনি অনেকেই, যা তাদের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরীক্ষার্থী নওরিন ইসলাম নাবিয়া, সর্মিলা, সাইবা জাহান ছারা ও রাফিয়া জানায়, প্রথমে দেওয়া প্রশ্নপত্রে উত্তর করতে গিয়ে তারা বিভ্রান্ত হয়। পরে প্রশ্নের ওপর ২০২৫ সালের সিলেবাস উল্লেখ দেখে বিষয়টি শিক্ষকদের জানায়। কিন্তু শুরুতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে নতুন প্রশ্নপত্র দেওয়া হলেও সময় সংকটে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে।
অভিভাবক বেলাল হোসেন বলেন, কর্তৃপক্ষের ভুলের কারণে শিক্ষার্থীদের ফলাফলে মারাত্মক প্রভাব পড়তে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম এবং আইসিটি কর্মকর্তা সমীর চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভুলবশত পুরোনো সিলেবাসের প্রশ্ন বিতরণ করা হয়েছিল। পরে তা সংশোধন করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় এবং অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তারা জানান।
কেন্দ্র সচিব সত্যরঞ্জন দাস বলেন, ভুল সংশোধন করে নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়েছে।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রওজাতুন জান্নাত জানান, বিষয়টি অবগত হয়েছেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ওই কেন্দ্রে মোট ৪৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২৮ জন পরীক্ষায় অংশ নেয়।