ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘লিডারশিপ ট্রেনিং ক্যাম্প-২০২৫’-এ ছাত্রসমাজের প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবে দায়িত্বশীলদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৮ ও ২৯ জুলাই রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এ ক্যাম্পে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “ছাত্রশিবিরকে ছাত্রসমাজ ভালোবাসে। এই ভালোবাসার মর্যাদা রাখতে হলে পড়াশোনায় মনোযোগী হতে হবে, সাহসী হতে হবে, পরিশ্রমী হতে হবে—যাতে ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির। তাদের লেখাপড়া, মানসিক বিকাশ, জীবনযাপন কোনো কিছুই স্বাভাবিকভাবে চলেনি। তাই ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে এ প্রশিক্ষণ ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডা. শফিকুর রহমান অপপ্রচারের বিরুদ্ধে গঠনমূলক কাজে জবাব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ইতিহাসে অপপ্রচার ছিল, এখনো আছে। কিন্তু যারা অপপ্রচারে লিপ্ত, তারা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”
ক্যাম্পে নেতৃত্ব বিকাশ, জনশক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা, স্কিল ডেভেলপমেন্ট, অফিস ম্যানেজমেন্টসহ নানা বিষয়ে আলোচনা হয়।
সমাপনী অধিবেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “আমরা সবার বাংলাদেশ গড়তে চাই। সে লক্ষ্যে আমাদের আদর্শ, আমানতদারি ও নেতৃত্বে বিশ্বমানের হওয়ার মানসিকতা থাকতে হবে।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলামসহ একাধিক সাবেক কেন্দ্রীয় নেতাও বক্তব্য রাখেন।