ভবিষ্যতে মেগা প্রকল্পের নামে যেন মেগা দুর্নীতি না হয়—এমন আহ্বান জানিয়েছেন সারজিস আলম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, অতীতে বড় বড় প্রকল্পের আড়ালে ব্যাপক অনিয়ম ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে, যা দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করেছে। তিনি সতর্ক করে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো ঠিকাদারকে ক্যাপাসিটি চার্জ দেওয়া বা অপ্রয়োজনীয় ব্যয় করা উচিত নয়।
তিনি আরও বলেন, ঋণখেলাপি সংস্কৃতি বন্ধ করতে হবে এবং অর্থ পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিগত বছরগুলোতে দেশের ঋণের পরিমাণ কয়েকগুণ বেড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে।
জ্বালানি খাতসহ বিভিন্ন বড় প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি টেকসই অর্থনীতি গড়ে তুলতে সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন প্রয়োজন।
শেষে তিনি বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।