দীর্ঘ ১৯ বছর বন্ধ থাকার পর বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ২০ শয্যার হাসপাতালটি আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম হাসপাতালটি পরিদর্শন করে দ্রুত চালুর ঘোষণা দেন।
হাসপাতাল সূত্র জানায়, একসময় এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, যখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। তবে পরবর্তীতে নানা কারণে প্রায় দুই দশক ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ছিল, ফলে স্থানীয় কয়েক লাখ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন। তিনি বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। সে লক্ষ্যেই দ্রুত এই হাসপাতালটি সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, হাসপাতালটি চালু হলে শিবগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। এজন্য দ্রুত জনবল নিয়োগ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অবকাঠামো সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে এলাকার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।