নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর মাধ্যমে তাদের চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালে এবং ফল ঘোষণার পর দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়।
আটক পাঁচজন হলেন—নাহিদুল ইসলাম জনি (২২), মোবারক হোসেন ব্যাপারী (২৬), জনি গাজী (৩০), মনির ও ফাহিম। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
এ ঘটনায় নবনির্বাচিত এমপির এমন পদক্ষেপ রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।