ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করে। হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদী পারাপারে আসা যাত্রী ও পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকরা চরম দুর্ভোগে পড়েন। দুই ঘাট এলাকায় বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায় এবং রাত ১২টার দিকে নদী অববাহিকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে আসে। এতে নৌপথের মার্কিং বাতিগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না।
তিনি বলেন, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে রাত ১২টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যালোচনা করে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। বর্তমানে দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
এদিকে, ব্যস্ততম এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের মধ্যে প্রচণ্ড শীতের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।