খাগড়াছড়িতে অর্ধশতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দিয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় বিএনপির সহ–কর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি–১ আসনের দলীয় মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ফুল দিয়ে তিনি এবং তার সমর্থকরা ছাত্রদলে যোগদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দাশসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নতুনদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, “সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন শিবির থেকে ছাত্রদলে যোগদানকারী তরুণরা। এতে বিএনপির চলমান আন্দোলন আরও শক্তিশালী হবে।”
ছাত্রদলে যোগ দেওয়া সাবেক শিবির নেতা মো. রুবেল বলেন, শিবির ও জামায়াতের কর্মকাণ্ড নিয়ে তার মনে দীর্ঘদিন ধরে প্রশ্ন তৈরি হচ্ছিল। সেই কারণেই তিনি সংগঠনটি থেকে সরে এসে বিএনপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। তবে বিএনপিতে আসার পর বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও দাবি করেন তিনি। রুবেল বলেন, “জীবনের অনেকটা সময় ভুল পথে কেটেছে। এখন ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে চাই। সবাইকে বিএনপির পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
মো. রুবেল নবম শ্রেণিতে পড়াকালীন ২০১২ সালে শিবিরে যুক্ত হন। রামগড়, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত তিনি খাগড়াছড়ি জেলা শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগের দিন, ২২ নভেম্বর গুইমারা উপজেলায় জামায়াত–শিবিরের আরও ২০ জন কর্মী বিএনপিতে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন গুইমারা জামায়াতের নেতা মো. কামাল উদ্দিন ও ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক রবিউল ইসলাম। এসব যোগদানের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে বিএনপির সংগঠন আরও সক্রিয় হচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।