সোহেল রানা, সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ শাহরাইল গ্রামে শর্টসার্কিটের আগুনে সর্বস্বান্ত হয়েছেন সমেজ উদ্দিন নামে এক দরিদ্র কৃষক। শনিবার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে ঘটে এই হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। আগুনে তার গোয়ালঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে ৪টি গরু ও ৪টি ছাগল পুড়ে মারা যায়। এতে প্রায় ১০–১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সমেজ উদ্দিন জানান, রাতে স্বাভাবিক নিয়মে গরু-ছাগলগুলোকে খাবার দিয়ে গোয়ালঘর তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর গবাদিপশুর অস্বাভাবিক ডাক-চিৎকার শুনে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন গোয়ালঘরে আগুন লেগেছে। তিনি জানান, “প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও প্রতিবেশীদের সঙ্গে কিছুই রক্ষা করা যায়নি। আগুন সবকিছু শেষ করে দিয়েছে।”
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই গোয়ালঘর ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসী চেষ্টা করেও গরু-ছাগলগুলোকে উদ্ধার করতে পারেননি।
ক্ষতিগ্রস্ত কৃষক কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“এই গরু-ছাগলই ছিল আমার একমাত্র সম্বল। এগুলো লালন-পালন করেই চলত আমার পরিবারের ভরণপোষণ। আজ সব হারিয়ে দিশেহারা হয়ে গেছি।”
সমেজ উদ্দিন এলাকার ধনাঢ্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি সহায়তার জন্য জরুরি আবেদন জানিয়েছেন।
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক শোক ও সহানুভূতির সৃষ্টি করেছে।