সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে নবান্ন উপলক্ষে নতুন শাড়ি কেনা নিয়ে দাম্পত্য কলহের জেরে স্বামী হাফিজুল ইসলাম (৬৫) পিঁড়ির আঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী রেহেনা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কুচিয়া মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত হাফিজুল ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। বিষয়টি বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় মিষ্টি বিক্রেতা হাফিজুল ইসলামের সঙ্গে সকালে শাড়ি কেনা নিয়ে রেহেনা বেগমের কথাকাটাকাটি হয়। নবান্ন উৎসবকে কেন্দ্র করে শাড়ি দাবি করলে তা পূরণ না হওয়ায় উত্তেজনা বাড়ে। এক পর্যায়ে রেহেনা বেগম ঘরের কাঠের পিঁড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত রেহেনা বেগমকে আটক করে থানায় নেওয়া হয়েছে।