সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক। বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে, তারা জামায়াতের লোক। আর আমরা কী করছি? লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি। আমি জামায়াতের বদনাম করছি না। আমি শুধু দু’টি জিনিসের তফাত দেখালাম।’
গত শুক্রবার (১৫ আগস্ট) জেলা শহরের নিজস্ব বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি। তার দেওয়া বক্তব্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।
এ সময় আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘শুধু নেতা হলেই হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে। নেতা যদি মনে করে চান্দাবাজি করাই তার কাজ, দখলবাজি করাই তার কাজ, তাহলে নেতৃত্ব দেবে কখন?’ এর আগে গত মঙ্গলবার দুমকি উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন,
‘পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই; চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে। ২০২৪ সালের আগস্ট–পরবর্তী সময়ে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করেছে, তাদের নাম–ঠিকানা–ছবিসহ আমাদের ও সব গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময়মতো হাটে হাঁড়ি ভেঙে দেব, কেউ পালানোর পথও পাবে না।’