কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ মে ২০২৫) দিবাগত রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে।ভুক্তভোগী জাহাঙ্গীর হাওলাদার জানান, রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে চোরেরা জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ভোরে উঠে দেখি ঘরের সব আসবাপত্র তছনছ করা।
আলমারিতে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৫ হাজার টাকা এবং একটি ব্যবহৃত মোবাইল ফোন চুরি হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কুয়াকাটাসহ আশপাশের এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে রাতের বেলা পুলিশের টহল না থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এলাকার নিরাপত্তা জোরদারে নিয়মিত পুলিশ টহল চালুর আহ্বান জানিয়েছেন তারা।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।