মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) টঙ্গী পশ্চিম থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন এসআই এখলাছ উদ্দিন, এসআই মামুনূর রশীদ ও এএসআই শহীদুল।
প্রথম অভিযানে এসআই এখলাছ উদ্দিনের নেতৃত্বে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমান (২০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।
একই দিনে অপর একটি অভিযানে এসআই মামুনূর রশীদের নেতৃত্বে ১০০ পুড়িয়া হেরোইনসহ মোঃ শেখ ফরিদ সোহেল (৩৮) কে গ্রেফতার করা হয়। জানা যায়, তার বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি চুরির মামলা রয়েছে।
এছাড়া, এএসআই শহীদুলের নেতৃত্বে আরও একটি অভিযানে ২৫ পুড়িয়া হেরোইনসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন, থানার আওতাধীন এলাকায় মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।