বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ উদ্দিন (আহমদ আলী)-এর পরিবারের জীবিকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। তার সন্তানদের লেখাপড়া এবং পরিবারের কর্মক্ষম সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।
সোমবার (৯ মার্চ) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামে সালেহ উদ্দিনের দাফন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নিহতের এক ছেলে অসুস্থ এবং স্ত্রী প্রতিবন্ধী। ছেলের চিকিৎসা ও স্ত্রীর জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এ সময় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার সারোয়ার কামালসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দাফন-কাফনের জন্য নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮৫ হাজার টাকা, মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা এবং বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।
এর আগে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সালেহ উদ্দিনের মরদেহ। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মরদেহ বড়লেখার গাজিটেকা গ্রামে নেওয়া হয় এবং সেখানে দাফন সম্পন্ন হয়।