রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা মাঠে নেমেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি কুষ্টিয়া শহরের পৌর বাজারে ভ্রাম্যমাণ অভিযানে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
অভিযানে কলার আড়ৎ, মুরগির দোকানসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকান পরিদর্শন করা হয়। বাজারে মূল্যতালিকা টানানো, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে কিনা—এসব বিষয় খতিয়ে দেখা হয়।
একটি মুরগির দোকানে দেশি মুরগি কেজিতে ৫০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় সংসদ সদস্য মুফতি আমির হামজা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। অতিরিক্ত মুনাফার লোভে বাজার অস্থির করা থেকে বিরত থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।