কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বিরোধী দলের ৭৯ জন সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে সরকারি দলের ২১১ জন সদস্যকে ‘তীরের মতো সোজা’ রাখতে কাজ করবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, শেরপুরের একজন যোগ হলে মোট ৭৯ জন। বাকি রয়েছেন ২১১ জন সংসদ সদস্য। মসজিদের ভেতর বসেই বলছি—এই ৭৯ জন মিলে শতভাগ চেষ্টা করব তাদের তীরের মতো সোজা রাখতে। কেউ এদিক-সেদিক করলে সংসদের ভেতরে বা বাইরে আমরা প্রতিবাদ করব।”
আমির হামজা আরও বলেন, ন্যায়বিচারের ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচ্য হওয়া উচিত নয়। তার ভাষায়, “চাঁদাবাজি আমার দলের লোক করলে সমস্যা নেই, আর অন্য দলের লোক করলে ব্যবস্থা নেওয়া হবে—এটা ন্যায়বিচার নয়। কে করেছে, সেটা দেখার আগে কাজটি বৈধ কিনা তা বিবেচনা করতে হবে।”
তিনি জানান, তিনি শুধু যারা তাকে ভোট দিয়েছেন তাদের নয়, পুরো এলাকার জনগণের প্রতিনিধি। “আমি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি, কিন্তু সাড়ে চার লাখ মানুষের এমপি আমি। সবাইকে আপন ভাই-বোন মনে করে আগামী পাঁচ বছর দায়িত্ব পালনের চেষ্টা করব,”—বলেন তিনি।
এর আগে সকাল ৯টার দিকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।