বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের রাজনীতি থেকে সন্ত্রাস ও দুর্নীতি বিদায় করা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, ‘২৪-এর বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত একটি গোষ্ঠী আবারও দেশে ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে।’ তিনি এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনসভাকে ঘিরে দুপুর থেকেই কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা সভাস্থলে আসতে থাকেন। এতে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় ভরে যায়।
কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী। এছাড়াও জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।