দেশের বিভিন্ন স্থানে নারী ও হিজাবকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী চিন্তাবিদ মামুনুল হক। তিনি বলেন, “বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কায়দায় আমার মা-বোনদের গায়ে হাত তোলার দুঃসাহস দেখানো হচ্ছে।
যদি এসব অপতৎপরতা বন্ধ না হয় এবং আমার বোনদের হিজাব নিয়ে টানাটানি করার সাহস দেখানো হয়, তাহলে যে আগুন জ্বলবে—সে আগুন নেভানোর ক্ষমতা বাংলার কোনো শক্তির থাকবে না।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জের নবীগঞ্জ জে.কে. স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভাটি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী–এর সমর্থনে অনুষ্ঠিত হয়।
বক্তব্যে মামুনুল হক ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, “আপনারা আমাদের বোনদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন। এমন ইস্পাত-কঠিন প্রাচীর গড়ে তুলবেন, যেন কেউ আমার মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহসও না পায়।” তিনি দেশের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান।
জনসভায় উপস্থিত অন্যান্য বক্তারাও রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীকে বিজয়ী করতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।