রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) প্যানোরমা ট্যালেন্ট সেকশনে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ইফ’ (What If)। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানহা তাবাসসুম।
১৮ জানুয়ারি (রবিবার) ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের প্রথম নির্মাণেই বাজিমাত করেন তরুণ এই নির্মাতা। উৎসবে প্রদর্শিত বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে প্যানোরমা ট্যালেন্ট সেকশনে সেরার মুকুট অর্জন করে ‘হোয়াট ইফ’।
চলচ্চিত্রটির বিষয়বস্তু সম্পর্কে তানহা বলেন, “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ইফ’ মূলত বাংলাদেশের সাধারণ মেয়েদের নিয়ে বানানো। আমরা যারা নিয়মিত পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, আমরা কি ধরণের জঘন্য পরিস্থিতির শিকার হই এবং তা কীভাবে প্রতিরোধ করব সেটিই এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।”
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে উচ্ছ্বসিত তানহা তাবাসসুম বলেন, “আমি কখনোই ভাবিনি যে প্রথম পুরস্কার পাবো। এটি আমার কাছে অনেক বড় একটি পাওয়া। আমার পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা, যাদের অক্লান্ত পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে।”
স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান আল সাবিত, তাসনিম শুচি, কাব্য রাহা, আলভী আবীব ও সাইন আহমেদ পবন। চলচ্চিত্রটির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলেন আরিফুর রহমান এবং ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন রুদ্র ব্যানার্জি।
এছাড়া কালার গ্রেডিং করেছেন মুরসালিন ও সাউন্ড মিক্সিং ও ডিজাইনে ছিলেন সৈকত সিনহা এবং ভোকাল আর্টিস্ট হিসেবে ছিলেন জান্নাতুল তোশা। চলচ্চিত্রটির এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করেছেন আলভী আবীব এবং ক্রিয়েটিভ প্রডিউসার ছিলেন শাহ সাকিব সোবহান।
উল্লেখ্য, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি ১৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে বিশ্বের ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।