বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব তার বিরুদ্ধে রোহিঙ্গা পরিচয়ের অপপ্রচারের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “মুজে মুসাফির না সমঝো। আমি রোহিঙ্গা নই, মুনাফিকও নই। তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন।”
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনায়েদ আল হাবিব বলেন, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রোহিঙ্গা আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে জনগণ এসব অপপ্রচারে কান দেবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বক্তব্যে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঐক্যের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। ঐক্য ছাড়া বিকল্প নেই। জোটের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, “সরাইলে খেজুর গাছ মার্কাই ধানের শীষ।”
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।