সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর ইন্তিকালে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তাঁর ছেলে তারেক রহমান। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি মাকে স্মরণ করে হৃদয়স্পর্শী অনুভূতি প্রকাশ করেন।
পোস্টে তারেক রহমান লেখেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”
তিনি লেখেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী—কারও কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রাখা এমন এক পথপ্রদর্শককে হারিয়ে আজ দেশ গভীরভাবে শোকাহত।
তারেক রহমান বলেন, তাঁর কাছে খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন দেশ ও মানুষের জন্য উৎসর্গ করেছেন। আজীবন তিনি স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও লেখেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি পরিবারের সত্যিকারের অভিভাবক ছিলেন—একজন আলোকবর্তিকা, যার ভালোবাসা সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। বারবার গ্রেপ্তার, চিকিৎসা থেকে বঞ্চনা এবং সর্বোচ্চ নিপীড়নের মধ্যেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম পরিবারের প্রতিটি সদস্যের মাঝে সঞ্চার করেছেন।
পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, দেশের জন্য তিনি স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। তাই এই দেশ ও দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা ও অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
সবশেষে তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানান, সবাই যেন তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। তাঁর প্রতি মানুষের আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধার জন্য তিনি ও তাঁর পরিবার চিরকৃতজ্ঞ বলেও উল্লেখ করেন।