ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, তাজমহল আদতে একটি মন্দির ছিল, যা পরবর্তীতে মুঘল সম্রাট শাহজাহান রূপান্তরিত করেন। তার এই বক্তব্য ঘিরে ভারতজুড়ে নতুন করে বিতর্ক ও রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্য উদ্ধৃত করে এনডিটিভি জানায়, ৬৯ বছর বয়সী এই বিজেপি নেতা বলেন, মমতাজ মহলকে প্রথমে মধ্যপ্রদেশের বুরহানপুরে সমাহিত করা হয়েছিল। পরে তার মরদেহ সেই স্থানে সরিয়ে নেওয়া হয়, যেখানে একটি মন্দির নির্মাণের কাজ চলছিল। এরপরই সেখানে তাজমহল নির্মাণ করা হয় বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে দেওয়া বিজয়বর্গীয়র এই বক্তব্য উপস্থিতদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বক্তব্যের ভিডিও ক্লিপ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এর জেরে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে, বিজয়বর্গীয়র বক্তব্যের কড়া সমালোচনা করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, বিজেপির মন্ত্রীরা সীমা ছাড়িয়ে যাচ্ছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তার মতে, এ ধরনের মন্তব্য নেতাদের রাজনৈতিক হতাশারই বহিঃপ্রকাশ, যা কেবল আলোচনায় থাকার জন্য দায়িত্বজ্ঞানহীনভাবে করা হচ্ছে।
এনডিটিভি আরও জানায়, তাজমহলের উৎপত্তি নিয়ে বিতর্কিত দাবি এই প্রথম নয়। অতীতেও বিভিন্ন সময় এ ধরনের বক্তব্য উঠে এসেছে। তবে বিশ্লেষকদের মতে, যখন কোনো কর্মরত মন্ত্রী এমন দাবি করেন, তখন তা স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অনেক বেশি আলোচনার জন্ম দেয়। কৈলাস বিজয়বর্গীয়র প্রকাশ্য মঞ্চে ‘হুটহাট’ মন্তব্য করার একটি দীর্ঘ বিতর্কিত ইতিহাসও রয়েছে, যা নতুন করে এই বিতর্ককে আরও উসকে দিয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?