জামায়াত-শিবিরকে প্রশ্রয় দিলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি বলেন, যারা জামায়াত-শিবিরকে ‘হাওয়া’ দিচ্ছে, তারা যদি তওবা না করে, তাহলে তাদেরকে মরা মাছির মতো ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মুফতি মনির হোসাইন কাসেমী।
বক্তব্যে তিনি বলেন, জামায়াত-শিবির ও তাদের সহযোগীদের বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী যে অবস্থান তুলে ধরেছেন, তার সঙ্গে তিনিও একমত। তিনি বলেন, “আমাদের মুরুব্বী আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী যে কথা বলেছেন, সেটাই আমাদের বক্তব্য। জামায়াত-শিবির ও তাদের দোসররা যতদিন পর্যন্ত তওবা করে সঠিক পথে ফিরে না আসবে, ততদিন কওমি অঙ্গন তাদের ক্ষমা করবে না।”
মুফতি মনির কাসেমী আরও বলেন, দেশের ইসলামি মূল্যবোধ, কওমি শিক্ষা ব্যবস্থা এবং সমাজের নৈতিক ভিত্তি ধ্বংসের অপচেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি দাবি করেন, জামায়াত-শিবির অতীতে যেভাবে বিভ্রান্তিকর রাজনীতি করেছে, এখনো তার ধারাবাহিকতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, কওমি মাদরাসাভিত্তিক আলেম সমাজ কখনোই ইসলামবিরোধী বা সমাজবিরোধী শক্তিকে সমর্থন করবে না। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ইসলামের নামে রাজনীতি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।