মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুহঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ বুলবুল আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির বলেন, আমরা ঋণের ফাঁদে পড়ে যাচ্ছি। এই ঋণের ফাঁদ, দুর্নীতি এইসব মিলিয়ে দেশ কিভাবে এগোবে? এখন এগুলো থেকে বেরিয়ে আসার আমাদের পথ খুঁজতে হবে।
আমরা যারা সরকারি কর্মকর্তারা আছি, আমাদের বিবেককে প্রশ্ন করার দরকার, মানুষের সেবা করা আমাদের মৌলিক ও নৈতিক দায়িত্ব। আমরা এই দায়িত্ব পালনে যদি সততার পরিচয় না দিতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের সকলকেই শপথবদ্ধ হওয়া উচিত যে আমরা দুর্নীতি বন্ধ করে দেব।