মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
বিনা চিকিৎসায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে তাকে আজ কঠিন অসুস্থ অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা সদর আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ভোলা সদর উপজেলার চরসামাইয়া শান্তিরহাট বাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চরসামাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোলাম নবী আলমগীর বলেন, শেখ হাসিনার সময়ে খালেদা জিয়া যদি সঠিক চিকিৎসা পেতেন, আজ তিনি এতটা অসুস্থ হতেন না। আওয়ামী লীগ সরকার বিনা চিকিৎসায় তাকে কারাগারে রেখেছিল। সেখান থেকে যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণেই আজ আমাদের নেত্রী কঠিন অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি শেখ হাসিনার মতো কথায় কথায় সমালোচনা বা বদনাম করেন না। আজ পর্যন্ত শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটি বাজে মন্তব্যও করেননি। আপনারা সতর্ক থাকবেন—ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রতিটি ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন মাতাব্বর। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ,
জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ্, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন ও সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লবসহ জেলা–উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবদুল্লাহ।